ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশের তীব্র যানজট নিরসনে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে স্থানীয় অস্থায়ী কার্যালয়ে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন।
বুধবার (৮ অক্টোবর) দুপুর ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড মোড়ে নাজুক মহাসড়কটি পরিদর্শন শেষে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সাংবাদিকদের জানান, ঢাকায় বসে নয়, ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোডের অস্থায়ী কার্যালয়ে অবস্থান করে ১২ কর্মকর্তা সরেজমিন তদারকি ও কাজ করবেন, দায়িত্বে অবহেলা বা অনুপস্থিত থাকলে সাসপেন্ড করা হবে।
এর আগে উপদেষ্টা নিজে দীর্ঘ তিন ঘণ্টা যানজটে আটকে থাকার পর মোটরসাইকেলে চড়ে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড মোড়ে পৌঁছান এবং নাজুক মহাসড়কের পরিস্থিতি পরিদর্শন করেন। তিনি বলেন, “ঢাকা-সিলেট মহাসড়কে যানজটের মূল কারণ ট্রাফিক বিভাগের গাফিলতি। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলোচনা করে সমাধান করা হবে।”
এ সময় তিনি ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোডে একটি উড়ালসেতু নির্মাণের পরিকল্পনার কথাও জানান। প্রকল্প সংশ্লিষ্টদের দ্রুত ডিজাইন প্রণয়নসহ অন্যান্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মহাম্মদ দিদারুল আলম, পুলিশ সুপার এহতেশামুল হকসহ সড়ক ও সেতু মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।